ASANSOL

আসানসোলে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ একাধিক মাটির বাড়ি পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর নির্দেশ ত্রাণ সামগ্রী নিয়ে এলাকায় কমিশনার

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* সোমবার থেকে আসানসোল ও তার আশপাশের এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে আসানসোল পুরনিগম এলাকার মানুষ, বিশেষ করে মাটির বাড়ির বাসিন্দারা, নানা সমস্যায় পড়েছেন।মঙ্গলবার আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্রর নেতৃত্বে আসানসোল পুরনিগমের একটি দল কালিপাহাড়ি এলাকা পরিদর্শন করেন। বৃষ্টির কারণে এই কালিপাহাড়ি এলাকায় একাধিক মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুর কমিশনার ঐ এলাকার সমস্ত মাটির বাড়িতে থাকা বাসিন্দাদের ত্রাণ সামগ্রী দেন।

এই প্রসঙ্গে পুর কমিশনার বলেন, সোমবার থেকে একটানা বৃষ্টি হওয়ায় কালিপাহাড়ি এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের মাটির বাড়িতে জল ঢুকে গেছে। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব বাড়ির বাসিন্দাদের ত্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী সরবরাহ করা হয়েছে। পরিস্থিতি মূল্যায়ন করতে এবং অগ্রাধিকার ভিত্তিতে যাদের আবাসনের প্রয়োজন তাদের তালিকাভুক্ত করতে একটি দলও এসে পৌঁছেছে। আশা করা হচ্ছে যে এই বাসিন্দারা শীঘ্রই স্থায়ী বাড়ি পাবেন।

বিজেপি নেতা প্রশান্ত চক্রবর্তী বলেন , রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বন্যা পরিস্থিতি দেখতে হলদিয়ায় রয়েছেন। সেখান থেকে তিনি পর কমিশনারকে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ক্ষতিগ্রস্তদের ত্রাণ সরবরাহ করার নির্দেশ দিয়েছেন। মন্ত্রীর নির্দেশের পর, কমিশনারের নেতৃত্বে পুরনিগমের একটি দল ত্রাণ সামগ্রী ও খাবারের ব্যবস্থা করতে এসে পৌঁছেছে। প্রশান্ত চক্রবর্তী জানিয়েছেন, তিনিও এলাকায় এসে গোটা পরিস্থিতি ও ত্রাণের কাজ দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *