ASANSOL

আইসিডিএস কেন্দ্রগুলির বেহাল অবস্থা নিয়ে সরব মন্ত্রী অগ্নিমিত্রা পাল ” শিক্ষা ব্যবস্থার উন্নতি করলেই বাংলার উন্নতি হবে “

*বেঙ্গল মিরর, আসানসোল ও বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল শনিবার নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণের আসানসোল ও বার্নপুরে একাধিক আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি আগের সরকারের আমলে আইসিডিএস সেন্টারগুলির অবস্থা নিয়ে সমালোচনায় সরব হন । তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সারা বাংলা জুড়ে আইসিডিএস কেন্দ্রগুলির উন্নয়ন এবং এই কেন্দ্রগুলিকে আরও উন্নত ও সুবিধাজনক করে তোলার জন্য তহবিল বরাদ্দ করা হয়েছে। আইসিডিএস কেন্দ্রগুলি ০ থেকে ৬ বছর বয়সী শিশুদের পরিষেবা দেয়।

শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি তাদের মায়েদেরও খাবার সরবরাহ করা হয়। তিনি আরো বলেন , দেশের ভবিষ্যৎ উন্নয়নে এই শিশুরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২০৪৭ সালে এই শিশুদের বয়স হবে প্রায় ২৫ থেকে ২৭ বছর, তাই তাদের স্বাস্থ্য ও শিক্ষাকে শক্তিশালী করা অপরিহার্য।তিনি প্রশ্ন তোলেন যে, কেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি এত বছর ধরে খারাপ অবস্থায় ছিল?

কেন আগের সরকার কেন্দ্রগুলিকে উন্নয়নকে উপেক্ষা করেছিল। তিনি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় ব্যবস্থার কথা উল্লেখ করে শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন।অগ্নিমিত্রা পাল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ করে বলেন, আগের সরকারগুলোর আমলে শিক্ষা ব্যবস্থাকে যথাযথ অগ্রাধিকার দেওয়া হয়নি।

তিনি দাবি করেন, প্রথমে অযোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়া হয়েছিল এবং পরে ঘুষের অভিযোগ ওঠে।মন্ত্রী বলেন, ২০৪৭ সালের জন্য পশ্চিমবঙ্গকে প্রস্তুত করা অপরিহার্য। প্রধানমন্ত্রীর উন্নত ভারতের স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত বাংলা ছাড়া উন্নত ভারতের স্বপ্ন পূরণ করা সম্ভব নয়।

তিনি বলেন, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং শ্রী অরবিন্দের মতো মহান ব্যক্তিদের যুগে যে পুরোনো বাংলা নবজাগরণ ও জ্ঞানের ভূমি হিসেবে পরিচিত ছিল। তা আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। মন্ত্রী কথায় , শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী না করে এই লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *