” ফিরে পাওয়া “য় সফলতা আসানসোল দক্ষিণ থানার, নতুন বছরের প্রথম দিনেই ৫৫ জন হাতে পেলেন খোয়া যাওয়া মোবাইল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ইংরেজি নতুন বছরের প্রথম দিনে আসানসোল দক্ষিণ থানার পুলিশ যাদের মোবাইল ফোন চুরি হয়েছিলো বা হারিয়ে গেছিলো, সেইসব ফোন উদ্ধার করে তাদেরকে উপহার হিসেবে ফিরিয়ে দিলো। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের “ফিরে পাওয়া ” নামে একটি উদ্যোগ রয়েছে । সেই কর্মসূচির আওতায়, যাদের মোবাইল ফোন চুরি হয়েছে বা হারিয়ে গেছে তারা অভিযোগ দায়ের করলে, তা খুঁজে বার করার চেষ্টা করা হয়। যখন সেইসব মোবাইল ফোন খুঁজে পাওয়া যায়, তখন সেগুলি তাদের আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিন আসানসোল দক্ষিণ থানায় একই ধরণের ” ফিরে পাওয়া” কর্মসূচিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন আসানসোল দক্ষিণ থানার পুলিশ ৫৫টি মোবাইল ফোন তাদের আসল মালিকদের কাছে ফিরিয়ে দেয়।














এই অনুষ্ঠানে আসানসোল দক্ষিণ থানার পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন। পুলিশের তরফে বলা হয়েছে, ইংরেজি নতুন বছরের প্রথম দিনে যারা মোবাইল ফোন হারিয়েছিলেন তাদের মোবাইল ফোন ফেরত দিতে পেরে আমরা খুবই খুশি। পুলিশের তরফে বলা হয়েছে , যখনই কেউ মোবাইল ফোন হারিয়ে ফেলবেন বা কোনভাবে খোয়া যাবে, সঙ্গে সঙ্গে তাদেরকে পুলিশের কাছে অভিযোগ করতে হবে। যাতে পুলিশ ট্র্যাক করে তা খুঁজে বার করার চেষ্টা শুরু করতে পারে। এদিন যারা তাদের মোবাইল ফোন ফিরে পেয়েছেন তারা সবাই আসানসোল দক্ষিণ থানার সব অফিসার ও পুলিশ কর্মীদের ধন্যবাদ জানান। যাদের সম্মিলিত চেষ্টায় তারা তাদের মোবাইল ফিরে পেয়েছেন। তারা বলেন, নতুন বছরের প্রথম দিনে এর চেয়ে ভালো উপহার আর কিছু হতে পারে না তাদের কাছে।

