দীর্ঘদিন আত্মগোপনের পর গ্রেফতার তৃণমূল নেতা গৌতম ঘোষ
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : দীর্ঘদিন আত্মগোপন করে থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রভাবশালী তৃণমূল নেতা তথা গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ । বুধবার দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে । বৃহস্পতিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় ।













স্থানীয় সূত্রে সূত্রে জানা গিয়েছে, রাজনৈতিক হিংসার একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে । এছাড়াও কয়লা, বালি ও অবৈধ ইটভাটা সংক্রান্ত সিন্ডিকেট পরিচালনার অভিযোগও দীর্ঘদিন ধরে উঠছিল তাঁর বিরুদ্ধে । সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের কিছুদিন আগে এলাকায় রাজনৈতিক সভা করতে এসে গৌতম বাবুর বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ করেছিলেন তৎকালীন বিরোধী নেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । যদিও এই অভিযোগগুলির বিষয়ে গৌতম ঘোষ বা তাঁর আইনজীবীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । স্থানীয় রাজনৈতিক মহলে গৌতম ঘোষ তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক -র ঘনিষ্ঠ বলে পরিচিত । নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপন করেছিলেন বলে অভিযোগ। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ ।
বুধবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতে পেশ করার পর তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় বলে সূত্রের খবর । এই গ্রেফতারিকে ঘিরে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে । বিরোধীরা ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে কটাক্ষ করতে শুরু করেছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি । পুলিশ সূত্র জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে ।


