সাইবার প্রতারণার অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার ১০, জামতাড়া গ্যাং যোগে তদন্তে পুলিশ, আদালতে পেশ
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সাইবার প্রতারণার অভিযোগে দুর্গাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করলো দুর্গাপুর থানার পুলিশ। শুক্রবার রাতে এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দুর্গাপুরের নঈমনগর , মসজিদ মহল্লা, সোনার তরী সহ একাধিক এলাকায় এবং কয়েকটি হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়।













ধৃতদের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। তদন্তে ধৃতদের সঙ্গে ঝাড়খণ্ডের জামতাড়ার সাইবার প্রতারণা চক্রের যোগসূত্রেরও সন্ধান মিলেছে বলে দাবি পুলিশের। অভিযুক্তদের কাছ থেকে বেশ কয়েকটি ল্যাপটপ, মোবাইল ফোন, ব্যাংকের পাসবই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
উদ্ধার হওয়া সামগ্রী খতিয়ে দেখে সাইবার প্রতারণা চক্রের কার্যকলাপ ও আর কারা এর সঙ্গে যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণা চক্রের আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী দল। ১০ জনকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদেরকে হেফাজতে নেওয়ার জন্য পুলিশের তরফে আদালতে তোলা হয়েছে।

